
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্ত এলাকার ২০২৬ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফুলদী ইউনিয়নের নলকুড়া গ্রামের জোহর আলীর মেয়ে ঝর্না (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি মাইজকার গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে কানাই চন্দ্র সরকার (৩০)। বিজিবি সূত্র জানায়, প্রায় এক মাস আগে ঝর্না কাজের উদ্দেশ্যে হবিগঞ্জ সীমান্ত দিয়ে এবং কানাই চন্দ্র চিকিৎসার জন্য কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। পরে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্ত এলাকার মানবপাচারকারী হাসানের মাধ্যমে টাকার বিনিময়ে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম করায় বিজিবির টহল দল তাদের আটক করে। এদিন দুপুরে তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কর্নেলবাজার বিওপির হাবিলদার মো. ইলিয়াস হোসেন জানান, ভোরে নিয়মিত টহলের সময় সীমান্ত অতিক্রমকালে তাদের আটক করা হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.