মোঃ ইমরান ইসলাম, রংপুর ব্যুরো প্রধানঃ
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, র্যালি, মানববন্ধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।
জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান এবং জেলা মৎস্য অধিদপ্তরের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা আঙ্গুরী বেগম।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জীবনের প্রতিটি অর্জনের পেছনে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ব্যক্তিগত জীবনের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, ১৯৯১ সালে বিয়ের সময় স্ত্রীর জন্য নির্ধারিত ৩০ হাজার টাকা দেনমোহর সম্প্রতি তিনি ৩ লাখ টাকা পরিশোধ করেছেন, যা স্ত্রীর ন্যায্য অধিকার। একইভাবে মেয়ের বিয়ের সময়ও জামাতার কাছ থেকে নির্ধারিত দেনমোহর আদায় করা হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় ও সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম। পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চার কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এর আগে সচেতন নাগরিক কমিটি (সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমোক্রেসি ওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শহরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি আকতারুল আলম।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার অনুকূল বর্ম্মন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসি ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান এবং জেলা ব্র্যাক সমন্বয়কারী আকতারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা রাজনীতি ও নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারী প্রার্থীদের মনোনয়ন ও সহায়তা প্রদান এবং নারীর অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি ও সনাক নীলফামারীর এরিয়া কোঅর্ডিনেটর সিই মো. আসাদুজ্জামান। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের সদস্যসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.