
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট। ১৬ বছর বিএনপি সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে— কিসের জন্য? ভোটের অধিকারের জন্য। আমরা সেই ভোট চাই, নির্বাচন চাই। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতি কোনো ব্যবসার জায়গা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপিরা রাজনীতিকে ব্যবসা বানিয়েছিল, এ কারণেই তারা দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির নেতারাও যদি রাজনীতিকে ব্যবসা মনে করেন, তাদেরও একদিন দেশ ছেড়ে পালাতে হবে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল এবং মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরু। বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন ও মো. হানিফ। এ সময় কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলে। বিকাল ৩টা থেকে অনুষ্ঠান স্থলে নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকে। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ছয়জন সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি মুশফিকুর রহমান, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, নাছির উদ্দিন হাজারী, মোহাম্মদ ইলিয়াস, আবুল মনসুর মিশন এবং ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার এক মঞ্চে হাতে হাত রেখে অঙ্গীকার করেন, দল যাকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন। তারা বলেন, অতীতে আওয়ামী লীগ করেছেন কিংবা বহিরাগত কাউকে মনোনয়ন দিলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.