মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সুপার মার্কেটের সামনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এর আগে কড়ইতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা ঘোড়ার গাড়ি, ভ্যানগাড়ি, বাদ্যযন্ত্র ও বর্ণিল বেলুনে মুখর হয়ে ওঠে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশাল প্রতিকৃতি শোভাযাত্রার আকর্ষণ বাড়িয়ে তোলে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন।
এছাড়াও বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা মো. ছিদ্দিকুর রহমান বাবু, ইজাজ আহমেদ ইকবাল, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। বর্তমান সময়েও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছে।
বক্তারা অভিযোগ করে আরও বলেন—
একটি মহল মাদকাসক্তদের নিয়ে পকেট কমিটি দিয়ে যুবদলকে বিভক্ত করার চেষ্টা করছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।
তারা দাবি করেন, কসবা যুবদলকে রাজপথের পরীক্ষিত, হামলা-মামলায় ঝুঁকি নেওয়া সাহসী নেতৃবৃন্দের হাতে তুলে দিতে হবে। এজন্য বর্তমান কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠান উপলক্ষে পুরো স্থানজুড়ে ছিল বর্ণিল বেলুন, ফেস্টুন ও পোস্টারের সজ্জা— যা পুরো এলাকা উৎসবের আবহে ভরিয়ে তোলে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.