
মোঃ শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নবম শ্রেণিতে অধ্যয়নরত এক স্কুলছাত্রীকে (১৫) জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণের অভিযোগ উঠেছে
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. শফিক মিয়া বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালামুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত কিশোরী স্থানীয় কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার প্রধান অভিযুক্ত মো. আমির মোল্লা (৩২), পিতা মো. মিজান মোল্লা।
তিনি বিবাহিত এবং একাধিক বিয়ে করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়া মো. মিজান মিয়া (৫৫) ও মান্নান মোল্লা (৪০)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা সবাই কালামুড়িয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে আমির মোল্লা স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এবং তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ছাত্রীটি এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বাবা ও চাচাকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে স্কুলছাত্রীটি মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির সামনের রাস্তায় বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা আমির মোল্লা ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর অভিযুক্তের বাবা ও চাচা প্রথমে মেয়েটিকে ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরে তারা এ বিষয়ে কোনো তথ্য দেননি। পরিবারের আশঙ্কা, মেয়েটিকে অজ্ঞাত স্থানে আটকে রেখে জোরপূর্বক বিয়ে অথবা অন্য কোনো ক্ষতি সাধনের চেষ্টা করা হতে পারে।
বাদী আরও উল্লেখ করেন, ঘটনার পরপরই আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে নিয়ে মেয়েটির সন্ধানে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। এ কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
কসবা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ শরীফুল ইসলাম
কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মোবাইল 01837875824
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.