
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোসাইস্থল পদ্মবিল। প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি এই বিল যেন এক খণ্ড জীবন্ত স্বর্গ। প্রায় ১৬ একর জলাশয়ের বুকে ছড়িয়ে থাকা হাজারো পদ্মফুল, সাদা-নীল শাপলা আর হেলেদে পড়া ডাহুক, বালিহাস, সারস পাখিরা মিলেমিশে তৈরি করেছে মোহনীয় এক পরিবেশ।
পদ্মবিল শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আবাসস্থলও। বিলজুড়ে দেখা মেলে জলচর পাখি, নানা প্রজাতির মাছ, সাপ, ব্যাঙসহ অসংখ্য প্রাণীর। প্রতিনিয়ত মানুষের অনুপ্রবেশ ও ব্যবস্থাপনার অভাবে এই প্রাণিকুলের জীবনও আজ হুমকির মুখে।
প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ পরিবারের সঙ্গে নৌকা চড়ে বিলের বুক চিরে ভেসে বেড়াচ্ছেন, কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করছেন রঙিন স্মৃতি। তবে সেই রঙিন মুহূর্তের আড়ালে লুকিয়ে আছে এক গা ছমছমে বাস্তবতা—পদ্মবিল হারাচ্ছে তার প্রাণ, তার স্বকীয়তা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিলে নামা বহু দর্শনার্থী পদ্মফুল ছিঁড়ে নিচ্ছেন নিঃসংকোচে। অনেকে পানিতে নেমে গাছ উপড়ে ফেলছেন। ছোট নৌকাগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচল করছে, যার ফলে ফুলের ডাল ভেঙে যাচ্ছে বারবার। মাত্র ১৫–২০টি নৌকা থাকায় পর্যটন মৌসুমে বেড়ে যাচ্ছে নৌ-ভাড়ার চাপ, পর্যটকদের ক্ষোভও বাড়ছে।
স্থানীয় বড়ঠোটা গ্রামের বাসিন্দা এস এস নাইমুল ইসলাম বলেন, "এই বিল আমাদের গর্ব, আমাদের শৈশবের স্মৃতি। আগে এখানে কেবল স্থানীয়রাই আসত। এখন দূরদূরান্ত থেকে মানুষ আসছে, এটা ভালো। কিন্তু কেউ নিয়ম মানছে না। ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কেউ পানিতে নামছে, গাছ ভাঙছে—দেখার কেউ নেই। এইভাবে চলতে থাকলে আর ক'দিন পর কিছুই অবশিষ্ট থাকবে না।"
"আমরা চাই বিলটা বাঁচুক। ফুল তো ফুটবেই, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু মানুষ যদি সেই ফুলেরই সর্বনাশ করে, তাহলে প্রকৃতি প্রতিশোধ নেবে। এই বিল আমাদের প্রজন্মের গর্ব। আমরা চাই আগামী প্রজন্মও যেন এই সৌন্দর্য দেখতে পায়।"
বিল রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, "গোসাইস্হল পদ্মবিল কসবা তথা ব্রাহ্মণবাড়িয়ার জন্য এক বিরল প্রাকৃতিক ঐশ্বর্য। আমরা চাই এই সৌন্দর্য যেন দীর্ঘদিন টিকে থাকে। দর্শনার্থীদের সচেতন করতে বোর্ড বসানো, স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়োগ ও নৌকা চলাচলে শৃঙ্খলা আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়মিত মনিটরিং চলছে। স্থানীয়দের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না। আমরা চাই সবাই সৌন্দর্য উপভোগ করুক, কিন্তু বিলের ক্ষতি যেন কেউ না করে।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ২৩/০৭/২০২৫
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.