
অপর পক্ষের হামলায় এক যুবক নিহত
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় এক বেকারি কারখানা থেকে এক পক্ষের চাঁদা তোলাকে কেন্দ্র করে অপর পক্ষের হামলায় এক যুবক নিহত। গত শনিবার রাতে উপজেলার উলুসারা চৌকিদারেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (২৬) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফজিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আবুল কালাম উপজেলার কালামপুর খাজার ডেক এলাকার বেলায়েতের বাসার ভাড়াটিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি ইমনের দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে উলুসাড়া চৌকিদারের টেক এলাকায় হারুনুর রশিদের আল্লাহরদান বেকারিতে চাঁদার জন্য নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। ২১শে ডিসেম্বর শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে নিহত আবুল কালাম ও তার আরেক সহযোগী শাহরিয়ার নাফিজ ইমনকে সাথে নিয়ে হারুন-অর রশিদের আল্লাহর দান নামের বেকারিতে চাঁদা আনতে যায়। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে আল্লাহর দান বেকারির সামনে উপস্থিত হয়ে ইমন ও আবুল কালামের উপর অতর্কিত হামলা করে। অতর্কিত হামলা চালিয়ে আবুল কালামকে এলোপাতাড়ি মারধর করে। পরে বেকারির মালিক হারুন-অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মিজাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, একটি বেকারিতে দু'পক্ষ চাঁদা আনতে গেলে তাদের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আবুল কালাম গুরুতর আহত হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে আবুল কালামের লাশটি মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ময়নাতদন্তের জন্য রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যাযনি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.