সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এক বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন পাশের মুদি দোকানদার। এ ঘটনার ১৬ ঘন্টা পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ওই বিকাশ ব্যবসায়ীর নাম ফারুক হোসেন। আহত মুদি দোকানদারের নাম শিমুল হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের যমুনা রোডের সামনে সোমবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরপর কয়েকটি ককটেল ফুটলে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে কেউ কিছু বুঝতে না পারলেও সামনে গিয়ে দেখা যায় বিকাশ ব্যবসায়ীর টাকা নিতেই ককটেল ছুঁড়া হয়েছে। বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেন সারাদিন ব্যবসা বাণিজ্য শেষে টাকা নিয়ে মাত্র দোকান হতে বের হয়। সঙ্গে সঙ্গে দুটি প্রাইভেট কার থেকে তাকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে বেশ কয়েকজন দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি হলে তার হাত থেকে টাকার ব্যাগ ও মোবাইল লুট করে। এ দৃশ্যটি দেখে পাশের দোকানদার শিমুল হোসেন দৌড়ে গেলে তাকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে শিমুল গুরুতর আহত হন। তবে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই দুর্বৃত্তরা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওই দোকানদার শিমুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির টহল পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো থাকায় কেউ অভিযোগ দায়ের করেনি। এদিকে ওই ঘটনার ১৬ ঘন্টা পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ওই বিকাশ ব্যবসায়ী ফারুক হোসাইন বলেন, দোকান বন্ধ করে টাকার ব্যাগটা মাত্র হাতে নিয়েছি। এমন সময় প্রাইভেট কার থেকে ৫-৭ জন লোক নেমে আমার দোকান লক্ষ্য করে ককটেল ছুঁড়ে। এরপর তারা আমার ব্যাগে থাকা ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, গত রাতে দুর্বৃত্তরা বিকাশের দোকান থেকে কিছু টাকা লুট করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.