
সরকার মাজহারুল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে এক স্কুল পরিচালকের বসতবাড়িতে অস্ত্রের মুখে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শিশুসন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকায় 'কালিয়াকৈর সৃষ্টি ক্যাডেট স্কুল'-এর পরিচালক হারুন অর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে তার সঙ্গে ভাই শফিকুল ও শহিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে হারুন বাজারে গেলে ভাই শফিকুল ও শহিদুলের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢোকে। পরে ৯ বছরের শিশু আল ইয়াসার গলায় অস্ত্র ঠেকিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং কয়েক লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে তারা জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হারুন কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।
স্কুল পরিচালক হারুন ও তার স্ত্রী মৌসুমী আক্তার জানান, জমি ছেড়ে দিতেই এই তাণ্ডব চালানো হয়েছে। ছেলের গলায় অস্ত্র ঠেকিয়ে শিক্ষকদের বেতনসহ জমানো টাকা ও অলংকার লুট করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ভাই শফিকুল ইসলাম জানান, জমি ভাগাভাগির শালিসি সিদ্ধান্ত মানতে হারুন গড়িমসি করায় তারা বাউন্ডারির কয়েকটি ইট সরিয়েছিলেন। লুটপাটের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.