
কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে ২৫ লক্ষ টাকার ঋণ সহায়তার চেক ও ৪০০টি গাছের চারা বিতরণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লী উন্নয়ন অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে অনুষ্ঠান শেষে সাধারণ সদস্যদের মাঝে গাছের চারা ও দুপুরের খাবার বিতরণের সময় চরম বিশৃঙ্খলা ও হট্টগোলের সৃষ্টি হয়। চারা ও খাবার না পেয়ে অনেক বঞ্চিত সদস্য ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। ভুক্তভোগী সদস্যদের অভিযোগ, অব্যবস্থাপনার কারণেই সাধারণ সুফলভোগীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.