
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আসুকা পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইল সদর আদালত পাড়া ১৩ নং ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে সামিউল আল আরাফাত (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সামিউল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে। পরে পেছন দিক থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক সামিউলের ওপর দিয়ে উঠে পালিয়ে যায়। ওই সময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সামিউলের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে নাওজোর সালনা হাইওয়ে থানার মোবাইল ডিউটিতে থাকা এসআই করিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।
মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাওজোর সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী জানান, ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.