কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, সাধারণ নাগরিক ও সেবাগ্রহীতাদের সঙ্গে রোববার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির আয়োজনে হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ‘শহীদ খালেক-মেজর সালেহ বীর উত্তম ট্রাস্ট’-এর চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, "কালিয়াকৈর উপজেলার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার ও স্থানীয় পর্যায় থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসপাতালের সেবার মান আরও বাড়াতে যা যা করণীয়, আমরা আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়ন করব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ. মতিন চৌধুরী বলেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে ৩ কোটি টাকার চাহিদা রয়েছে। এ চাহিদার বিপরীতে প্রাথমিক অবস্থায় ট্রাস্টের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন তিনি এবং জানান, পর্যায়ক্রমে এই সহায়তার ধারা অব্যাহত থাকবে।
সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন আহমেদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.