
খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা মহানগরীর দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে আলোচিত ‘আরমান বাহিনী’র প্রধান মো. আরমান হোসেন দিপু ওরফে আরমান ওরফে আরমিন (স্থানীয়ভাবে পরিচিত ‘শুটার আরমান’)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার (৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান এবং ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ১৭ জুন দৌলতপুর এলাকায় একটি মসজিদে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন আরমান।
র্যা বের ভাষ্য অনুযায়ী, আরমান হোসেন দিপু দীর্ঘদিন ধরে দৌলতপুর ও আড়ংঘাটা এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। তার নেতৃত্বাধীন এই গ্রুপে ৮ থেকে ১০ জন সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
র্যাব আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্রের মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত এই চক্রটি। বিশেষ করে ব্যবসায়ীদের বিভিন্ন বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা বন্ধ করে দেওয়া, ভয়ভীতি দেখানো এবং গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার তথ্য
র্যাব জানায়, আরমানের অপরাধ সংক্রান্ত রেকর্ড (পুলিশ ক্লিয়ারেন্স) পর্যালোচনা করে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
তার বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে:
২৫ জানুয়ারি ২০২১: মামুন মোল্লা হত্যা মামলা
৩০ জুন ২০২২: মারজান মুন্না হত্যা মামলা
কালা রানা হত্যা মামলা
৩১ জানুয়ারি ২০২৬: ঘাউরা রাজিব হত্যা
১৯ মার্চ ২০২৬: যুবদল নেতা রাসু হত্যা
২৮ আগস্ট ২০২৬: মনিরুল ইসলাম রনি হত্যা
১৭ জুন ২০২৬: দৌলতপুরে মসজিদে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টা
র্যাব জানিয়েছে, এই ঘটনাগুলোর কয়েকটিতে তদন্তে আরমানের সম্পৃক্ততা পাওয়া গেছে কিংবা সন্দেহভাজন হিসেবে তার নাম উঠে এসেছে।
র্যাব-৬ বলছে, প্রধান অস্ত্রধারী আরমান গ্রেপ্তার হওয়ায় তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ সুগম হলো। একই সঙ্গে তার সহযোগীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
উক্ত অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সার্বিক সহযোগিতা প্রদান করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৬।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.