
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র থেকে আমেনা খাতুন নামে এক তরুণী পালিয়ে গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও ওই তরুণীর সন্ধান পাওয়া যায়নি। তা ছাড়াও পুনর্বাসনকেন্দ্রটির কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিবাসীদের নির্যাতনের অভিযোগে উঠেছে। নির্যাতনের শিকার হয়ে আমেনা খাতুন সেখান থেকে পালিয়েছে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসন, পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। এ ঘটনায় কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রটি কুষ্টিয়ার বটতৈল এলাকায় অবস্থিত। এখানে ১০০ জন নিবাসী থাকার ব্যবস্থা রয়েছে। তবে বর্তমানে আছে ২৭ জন। নিম্নমানের খাবার দেওয়া, শিশুদের জন্য সরবরাহকৃত মালামাল বিক্রি, শিশুদের নির্যাতনসহ নানা অভিযোগ উঠেছে কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষকদের বিরুদ্ধে। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রের ম্যানেজার নাজনীন নাহার বলেন, ২০২২ সালের ডিসেম্বর থেকে আমেনা খাতুন নামের সামাজিক প্রতিবন্ধী তরুণী আমাদের কেন্দ্রে থাকে। সে দিনাজপুরের একটি সেভ হোম থেকে আসে। ১৮ বছর বয়সী ওই তরুণীর বাসা ও মা-বাবার ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। ছোটবেলায় হয়তো হারিয়ে গিয়েছিল। সে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতো। তার পালিয়ে যাওয়ার কথা না। মঙ্গলবার ১২ নভেম্বর বেলা ১১টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কোথাও পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই তরুণীর সন্ধানে পুলিশের পাশাপাশি আমরাও কাজ করছি। আমরা সবসময় ঠিকঠাক দায়িত্ব পালন করি। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের ঘটনা এখানে ঘটেনি। দুর্নীতি, অনিয়ম ও নির্যাতনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সমাজের বিপথগামী মেয়েদের এনে প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রের মাধ্যমে সমাজে পুনর্বাসন করা, মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা, অন্ন-বস্ত্র সরবরাহ, সংশোধনী, নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করে মানসিক ও মনস্তাত্বিক উৎকর্ষ সাধন এবং একই সঙ্গে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কর্মদক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের মধ্যে অনেকেই বুদ্ধি ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.