মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়ার দৌলতপুরে এক ভ্যান চালকের ঘুষিতে বারু প্রামানিক (৬৫) নামের অপর এক ভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার (২৪ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
নিহত ভ্যান চালক বারু প্রামানিক দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামমনাই গ্রামের মৃত বিদু প্রামানিকের ছেলে।
জানা গেছে, ভ্যান চালক বারু প্রামানিক তার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় অপর পাখি ভ্যান চালক রজব আলী (২৮) তার চলন্ত ভ্যান নিয়ে বারু প্রামানিকের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এনিয়ে দু'জনের মধ্যে তর্কাতর্কি ও কথা কাটাকাটির এক পর্যায়ে রজব আলী ক্ষুব্ধ হয়ে ভ্যান চালক বারু প্রামানিকের মুখে সজোরে ঘুষি মারে। ঘুষি খেয়ে বারু প্রামানিক রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বাজারের লোকজন দ্রুত বারু প্রামানিককে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিায়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ভ্যান চালক রজব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ভ্যান চালক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের বদর উদ্দিনের ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে রজত আলী নামে এক ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালক বারু প্রামানিক নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ভ্যান চালক রজব আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তািত চলছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.