
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মো. ইসমাইল হোসেনের সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি । একই সঙ্গে তাকে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নম্বর ২০২৬/১২৮-এর মাধ্যমে এনডিএফ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদের স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার গত ১৩ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—যথাযথ কারণ বা পূর্বানুমতি ছাড়া নিয়মিত সাংগঠনিক সভায় অনুপস্থিত থাকা, পৃথক গ্রুপ গঠনের মাধ্যমে সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ণ করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন, সংগঠনের নিবেদিতপ্রাণ চিকিৎসক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরও সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করা। এর আগে গত ১২ নভেম্বর এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডা. ইসমাইল হোসেনকে সহ-সভাপতির পদসহ সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। কেন্দ্রীয় কমিটির পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি অভিযোগের সমর্থনে অথবা আত্মপক্ষ সমর্থনে প্রাসঙ্গিক কাগজপত্র সংযুক্ত করে এনডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতির বরাবর জবাব দাখিল করতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেন সংগঠনের কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এ সময় তার সদস্যপদ স্থগিত থাকবে। একই সঙ্গে এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা সংগঠনের নামে কোনো কার্যক্রম পরিচালনা থেকেও তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, ডা. ইসমাইল হোসেনের লিখিত জবাব ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা শেষে সংগঠনের গঠনতন্ত্র ও প্রযোজ্য বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত লিখিতভাবে জানাবে এনডিএফ কেন্দ্রীয় কমিটি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.