
খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার রূপসায় মো. রবিউল ইসলাম নামে এক রাজনৈতিক নেতাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, রাত সোয়া ৮টার দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে পপুলার জুটমিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কারা এবং কী কারণে রবিউল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে জখম করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল ও ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.