
নগরীর দৌলতপুর থানাধীন পাবলা তিন দোকানের মোড় এলাকায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজেকশন) বহাল থাকা সত্ত্বেও জমির সীমানা বিরোধের জেরে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। গত ১৪ নভেম্বর শনিবার এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, পাবলা তিন দোকানের মোড় সংলগ্ন ভিআইপি রোড এলাকার ৯ শতক জমি (এসএ ৪১৮ ও ৪১৯ দাগে যথাক্রমে ৮ ও ১ শতক; বর্তমান আরএস ৬৬৭ দাগে ৯ শতক) নিজের ক্রয়কৃত বলে দাবি করেন ভুক্তভোগী মো. ইদ্রিস গাজী (৫৮)।
ভুক্তভোগী মো. ইদ্রিস গাজী জানান, ১৯৯১ সালে তার মায়ের নামে জমিটি কেনা হয় এবং বর্তমানে তারা ওই জমিতে বসবাস করছেন। তার অভিযোগ, হাসিনা বেগম নামের এক নারী ভুয়া দলিলের মাধ্যমে রাশিদুলের কাছে ৪.৫ শতক জমি বিক্রি করেছেন। এরপর থেকেই বহিরাগত ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জমি দখলের চেষ্টা চলছে।
থানায় পূর্বে দায়েরকৃত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আরএস জরিপে প্রতিবেশী মৃত বনি আমিন ভূঁইয়ার পরিবার (হাসিনা বেগম গং) ৬.৭০ শতক জমি দাবি করলে এই বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনায় দৌলতপুরের সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা (নং-৯৬/২০১৮) বিচারাধীন রয়েছে। ওই মামলায় আদালত বাদীপক্ষের অনুকূলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং পরবর্তী আপিলেও তা বহাল থাকে।
ইদ্রিস গাজীর দাবি, নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় গত ১৮ মে ২০২৬ তারিখে প্রতিপক্ষের মনিরুজ্জামান ভূঁইয়া দলবল নিয়ে তার দখলে থাকা দোকানঘর ভাঙচুর করেন। সে সময় ৯৯৯-এ কল করা হলে দৌলতপুর থানার এসআই মো. জামিরুল ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হাজির হতে নির্দেশ দেন। তবে প্রতিপক্ষ থানায় হাজির হননি বলে অভিযোগ করেছেন তিনি।
বর্তমানেও সংশ্লিষ্ট দাগে পাকা স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে দোকানদারকে ভয়ভীতি প্রদর্শন ও মানসিক হয়রানি বন্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ইদ্রিস গাজী।
এ বিষয়ে দৌলতপুর থানার এসআই সাইফুল বলেন, ইনজেকশন জারির কোনো কপি তিনি দেখেননি। তিনি আরও বলেন, কেউ যদি পুলিশকে অন্যায়ভাবে বা বেআইনি কাজে ব্যবহার করতে চায়, তবে পুলিশ সেভাবে ব্যবহৃত হবে না।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.