
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে গলাচিপার গজারি বন থেকে মশিউর রহমান (৪৬) নামের এক কারখানা কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা গহীন অরণ্য এলাকার বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিকা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজভল্লবপুর এলাকার মৃত হাজি আমজাদ হোসেনের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানার কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে মশিউর রহমান নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরের দিকে গলাচিপা এলাকার বনের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা বনের ভেতরে গিয়ে গাছের সঙ্গে অর্ধগলিত মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটির শরীরের অধিকাংশ মাটির সঙ্গে লাগানো এবং গলায় রশি প্যাঁচানো ছিল। মুখে আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন রয়েছে।
দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে মরদেহটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করছে পুলিশ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.