
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে নাইম হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাতে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাইম হোসেন কাটাবাড়ী ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় পান ব্যবসায়ী এবং বাগদা বাজারে তার একটি দোকান রয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে নাইমের পরিচয় হয়। পরে বিভিন্ন প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে তিনি তাকে ফাঁদে ফেলার চেষ্টা করেন। গত বছরের ৪ এপ্রিল রাতে কৌশলে ওই গৃহবধূকে ধর্ষণ করে গোপনে মোবাইলে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত নাইম ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে প্রায় ৫ লাখ টাকা আদায় করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে বাগদা বাজারে অভিযান চালিয়ে নাইমকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.