
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুইটি যাত্রীবাহী বাসের চাপায় মিলন ব্যাপারি (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২৬ মে) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন ব্যাপারি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মিলন ব্যাপারি বোয়ালিয়া থেকে দুই যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী ‘সিমান্ত এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) বাসটি রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে যাত্রীসহ চালক রাস্তায় ছিটকে পড়েন। ঠিক সে সময় রংপুর থেকে রাজশাহীগামী ‘পথের সাথী’ (ঢাকা মেট্রো-ব ১২-০৪১৩) নামের একটি বাস ওভারটেক করতে গিয়ে রিকশাচালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত যাত্রী দু’জন হলেন গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক ও আশরাফুল ইসলাম। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাস দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহত মিলনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.