নিজস্ব প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর রাতভর শ্বাসরুদ্ধকর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ সীম কার্ড, নগদ টাকা ও প্রযুক্তি ডিভাইসসহ হ্যাকার চক্রের মূল হোতা পলাশ রানা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলম, ক্যাপ্টেন ইকারাম হোসেন, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম, সার্জেন্ট সাইদুর রহমান এবং গোবিন্দগঞ্জ থানার এসআই মোমিনুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—তালুককানুপুর গ্রামের ইউনুস আলীর ছেলে পলাশ রানা, আবু বক্করের ছেলে সুমন মিয়া, নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার ছেলে সাইদুল এবং তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটন।
অভিযানে পলাশ, সুমন ও সাইদুলের কাছ থেকে উদ্ধার করা হয় ৮৩৮টি বিভিন্ন মোবাইল কোম্পানির সীম কার্ড, ১৭টি মোবাইল ফোন, নগদ ৫৬ হাজার ১০০ টাকা, একটি সিসি ক্যামেরা, একটি ক্যামেরাযুক্ত পেন, একটি ড্রোন, একটি ল্যাপটপ। ইউপি সদস্য আবু সাইদ লিটনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই হ্যাকার চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ভাতা যেমন—বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা—প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল।
অঞ্চলে মাদক কারবার, অস্ত্র উদ্ধার, হ্যাকার প্রতারক চক্র ও বালুদস্যু দমনে সেনাবাহিনীর এই ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.