
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) মহান জাতীয় সংসদে নিজ এলাকার অতি গুরুত্বপূর্ণ দুটি উন্নয়ন ও জনস্বার্থমূলক দাবির বিষয়ে জোরালো বক্তব্য রেখেছেন। সংসদের বৈঠকে তিনি গোবিন্দগঞ্জ চারমাথা থেকে মহিমাগঞ্জ রেলস্টেশন পর্যন্ত সড়কটির বেহাল দশা নিরসনে দ্রুত সংস্কার কাজ শুরু এবং বন্ধ হয়ে যাওয়া রংপুর সুগার মিল পুনরায় চালুর দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় জনদুর্ভোগ নিরসনে এবং বৃহত্তর উত্তরাঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখার লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য এই গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো তুলে ধরেন।
বক্তব্যে তিনি বলেন, গোবিন্দগঞ্জ চারমাথা থেকে মহিমাগঞ্জ রেলস্টেশন পর্যন্ত সড়কটি অত্র এলাকার যোগাযোগের মূল লাইফলাইন। দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যা সাধারণ মানুষ ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তির সৃষ্টি করছে। জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সড়ক ও জনপথ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
পাশাপাশি, অত্র অঞ্চলের হাজার হাজার কৃষক ও শ্রমিকের জীবিকার সাথে জড়িত ঐতিহ্যবাহী রংপুর সুগার মিলটি পুনরায় চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি উল্লেখ করেন, সুগার মিলটি পুনরায় চালু হলে কেবল গোবিন্দগঞ্জ নয়, বরং পুরো গাইবান্ধা জেলার কৃষি অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হবে এবং বেকারত্ব নিরসনে এটি বড় ভূমিকা রাখবে।
সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)-এর এই সাহসী ও সময়োপযোগী দাবির ফলে স্থানীয় জনগণের মাঝে আশার আলো দেখা দিয়েছে। এলাকাবাসী মনে করছেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.