মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ৭ জুলাই ২০২৬ তারিখে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য কারাবন্দীর ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদেরও নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনে খাবারের মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। এছাড়া রান্নাঘরে গ্যাস সংযোগের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) জনাব এ. কে. এম দিলদার হোসেনকে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার জনাব মুহাম্মদ আব্দুস সেলিমসহ অন্যান্য কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.