মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার (শেরপুর):
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গজনী খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি আভিযানিক দল গজনী খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখেই পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪৪ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক চোরাচালান সম্পূর্ণ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষায় ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.