বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের তালুকদার মেটুয়ানি গ্রামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি-আর) প্রকল্পের ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য এরশাদ আলম। তিনি জানান, ৯০০ ফুট রাস্তার মধ্যে ৭০০ ফুট কাজ সম্পন্ন করার পর বর্ষার পানি ও মাটির সংকটে বাকি অংশ সাময়িক বন্ধ ছিল। গ্রাম্য বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ মিথ্যা অভিযোগ তুলেছে দাবি করে তিনি বলেন, বর্তমানে মাটি পাওয়ায় বাকি কাজ পুরোদমে চলছে এবং দ্রুতই শেষ হবে। প্রকল্পের সেক্রেটারি ও কর্মরত শ্রমিকরাও বর্ষার কারণে কাজ স্থগিতের কথা স্বীকার করেছেন।
এদিকে ২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে বাস্তব কাজের অগ্রগতি সরেজমিনে মেপে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়দের একাংশ। অভিযোগের বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বরাদ্দ ও কাজের সামঞ্জস্য নিশ্চিতে এখন নিরপেক্ষ তদন্তের প্রত্যাশায় রয়েছেন এলাকাবাসী।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.