সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে কয়েকটি ড্রাম ট্রাকের তেল চুরি করতে গিয়ে বাসসহ ধরা পড়লো চালক ও তার সহযোগী। বুধবার সকালে ড্রাম ট্রাক ও বাসের মালিকদের সমঝোতায় দুই চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী। আটককৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বদনিভাঙ্গা এলাকার শামীম হোসেনের ছেলে মোশারফ হোসেন ও একই উপজেলার চাপাইর এলাকার লোকমান হোসেনের ছেলে সাব্বির হোসেন। এলাকাবাসী ও ড্রাম ট্রাকের মালিক সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের আজিজ নামে এক ব্যক্তির একটি বাস কালিয়াকৈর-মাওনা ভায়া ফুলবাড়িয়া সড়কে চলাচল করে। ওই যাত্রীবাহী বাসটি চালায় চালক মোশারফ হোসেন। তিনি নিয়মিত নির্ধারিত সময় চালানো পর রাতে কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকায় বাসটি পার্কিং করেন। গত মঙ্গলবার রাতেও ওই এলাকায় বাসটি পাকিং করা হয়েছিল। কিন্তু রাতের কোনো এক সময় চালক মোশারফ ও তার সহযোগী সাব্বির বাসটি নিয়ে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় যান। পরে তারা ওই এলাকার কয়েকটি ড্রাম ট্রাকের তেল চুরি করেন। এরপর তেল ড্রামে ভরে ওই বাসে উঠান চালক মোশারফ ও তার সহযোগী সাব্বির। কিন্তু গভীর রাতে ওই এলাকায় বাসটি দেখে সন্দেহ হলে বাসে তল্লাসী চালায় এলাকাবাসী। এসময় বাসের ভেতরে ড্রামে তেল দেখে তাদের আটকের মারধর করে। পরে ড্রাম ট্রাক থেকে তেল ও ট্রাকের কয়েকটি অতিরিক্ত চাকা চুরির কথা স্বীকার করে চালক মোশারফ ও তার সহযোগী। খবর পেয়ে পরের দিন বুধবার সকালে বাসের মালিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করেন। পরে ড্রাম ট্রাক ও বাসের মালিক পক্ষের সঙ্গে সমঝোতা হলে আটককৃত দুই চোর ও বাসটি ছেড়ে দেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, তারা শুধু তেল ও চাকাই নয়, মাঝে মাঝে বিভিন্ন গাড়ির ব্যাটারীগুলো চুরি করে থাকে। এরপর তারা সেগুলো নিয়ে গাজীপরের কোনাবাড়ি এলাকায় বিক্রি করেন। ওই ড্রামট্রাকের মালিক সাইফুল ইসলাম জানান, সেখানে আমাদের পাঁচটি ড্রাম ট্রাক রাখা থাকে। মাঝে মাঝে এসব ট্রাকের তেল চুরি হলেও আমরা ধরতে পারছিলাম না। একারণে আমরা ট্রাকগুলো পাহাড়া দিয়ে রাখছি। আজকে বাস নিয়ে তেল চুরি করতে এসে তারা ধরা পড়েছিল। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) গিয়াস উদ্দিন জানান, শুনেছি রাতে বাসসহ দুই চোর ধরা পড়েছে। পরের দিন সকালে বাসের মালিক এসে ট্রাকের মালিকের সঙ্গে সমঝোতা করে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে গেছে। এব্যাপারে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাড়ি পুলিশের ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, ওই বিষয়টি কেউ আমাদের অবগত করেনি। তবে তেল চুরির বিষয় তো, হয়তো সমঝোতার মাধ্যমে তাদের ছেড়ে দিতে পারে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.