
এসএম শাকিল আহমেদ | প্রতিনিধি
গাজীপুর: মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদীতে নৌভ্রমণে গিয়ে ডিজে গানের তালে নাচানাচির সময় নৌকা থেকে পড়ে ২২ বছর বয়সী রাসেল নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা নদীটিতে উদ্ধার তৎপরতা চালালেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (৩০ মে) সন্ধ্যার প্রাক্কালে কাশিমপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে রাসেলসহ একদল বন্ধু শখের বসে নৌকা ভাড়া করে তুরাগ নদীতে ভ্রমণে বের হন। নৌকায় উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। ভ্রমণের একপর্যায়ে নাচানাচির সময় ভারসাম্য হারিয়ে রাসেল সরাসরি নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তীব্র স্রোত ও গভীরতার কারণে মুহূর্তেই তিনি পানির নিচে তলিয়ে যান।
ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে দ্রুত উদ্ধারকারী দলের সহায়তা চাওয়া হয়। তবে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ফায়ার সার্ভিস বা প্রশাসনের কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। প্রশাসনিক সহায়তার এই ধীরগতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে।
বর্তমানে নিখোঁজ রাসেলের সন্ধানে স্থানীয় বাসিন্দা, জেলে এবং পরিবারের সদস্যরা নিজস্ব ব্যবস্থাপনায় জাল ও নৌকা নিয়ে নদী চষে বেড়াচ্ছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরে স্থানীয় উৎসুক জনতার ভিড় বাড়ছে, আর স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে ডুবুরি দল নামিয়ে উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.