
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য সর্বমোট ৩ লাখ কোটি টাকার বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) এক উচ্চপর্যায়ের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপার্সন তারেক রহমান, এমপি।
সকাল ১০টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সভাটি দুপুর পর্যন্ত চলে। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভার বিস্তারিত সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনাসমূহ গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
ঘোষিত ৩ লাখ কোটি টাকার এই বিশাল উন্নয়ন বাজেটের বড় অংশই জোগান দেওয়া হবে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। বাকি ১ লাখ ১০ হাজার কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ ও অনুদান খাত থেকে। এ ছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে আরও ৮ হাজার ৯২৪ কোটি টাকা এই কর্মসূচিতে যুক্ত হবে।
এবারের এনইসি সভার সবচেয়ে বড় চমক ছিল আগামী পাঁচ বছরের অর্থনৈতিক রোডম্যাপ নির্ধারণ। সভায় ‘Five Year Strategic Framework for Reform and Development (FYSF 2026–2030)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন এবং নীতিগতভাবে তা অনুমোদন দেওয়া হয়। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো—রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন এবং দেশের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করা।
সভাপতির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অলসতা বা অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী মূলত ৪টি প্রধান বিষয়ের ওপর জোর দিয়েছেন:
১. এডিপির প্রতিটি উন্নয়ন প্রকল্পে যেন সরকারের নির্বাচনি ইশতেহার এবং জনগণের মূল চাহিদার প্রতিফলন ঘটে, তা নিশ্চিত করতে হবে।
২. প্রকল্পের কাজের গতি বাড়াতে হবে এবং সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে।
৩. শুধু মেগা প্রকল্প নয়, বরং দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোর সুষম উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
৪. সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ খাতের বরাদ্দ যেন সরাসরি দরিদ্র, নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের কল্যাণে আসে, সেদিকে কড়া নজর রাখতে হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, যার পরিমাণ ৫০ হাজার pani কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে মানবসম্পদ উন্নয়নের মূল খাত শিক্ষায়, ৪৭,৫৯১ কোটি টাকা। এবং তৃতীয় অবস্থানে থাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫,৫৩৫ কোটি টাকা। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২,৬৯১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-২৭ অর্থবছরের এই এডিপি দেশের দীর্ঘমেয়াদি সংস্কার ও টেকসই অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.