
রহিদুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান-বৈঠকে প্রশাসন ও জনপ্রতিনিধির সমন্বিত উদ্যোগের একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সরাসরি হস্তক্ষেপ করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তাঁর ফোন পেয়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ছুটে আসেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন।
সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার নওহাটা পৌরসভার ভুগরইল ভোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নারীদের নিয়ে আয়োজিত এ উঠান-বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বৈঠকে অংশগ্রহণকারী নারীরা পর্যায়ক্রমে তাদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন। এসবের মধ্যে ছিল—সৌরবিদ্যুতের লাইট না থাকা, রাতের অন্ধকারে চলাচলে ঝুঁকি, দুর্ঘটনার আশঙ্কা এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ। সংসদ সদস্য মনোযোগ সহকারে অভিযোগগুলো শোনেন এবং প্রয়োজনীয় নোট নেন।
এ সময় স্থানীয় বাসিন্দা রুমা বেগম অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের এলাকায় সৌরবিদ্যুতের লাইট স্থাপন করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অন্ধকারে চলাচল করতে গিয়ে তারা নানা ঝুঁকির মুখে পড়ছেন।
অভিযোগ শোনার পরপরই সংসদ সদস্য ইউএনও ইবনুল আবেদীনকে ফোন করে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কোনো বিলম্ব না করে ইউএনও মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনাস্থলে এসে ইউএনও স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত সমস্যা শোনেন এবং তা নথিভুক্ত করেন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে জানান, সরকারি সেবা প্রদানে রাজনৈতিক পরিচয় কোনো বিবেচ্য বিষয় নয়; সকল নাগরিক সমান অধিকার পাবেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধান নিশ্চিত করাই তার অঙ্গীকার। উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক বিভাজন কোনো বাধা হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।
জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে সন্তোষ দেখা গেছে। বিশেষ করে নারীরা সরাসরি তাদের সমস্যা তুলে ধরতে পেরে স্বস্তি প্রকাশ করেন।
এর আগে একই দিনে নওহাটা পৌরসভার ভুগরইল চিশতীয়া মোবারকীয়া খানকাহ শরীফের নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.