
মোঃ সোহরাব হোসেন, বরগুনা জেলা প্রতিনিধি:
পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে বরগুনায় দ্রুত এগিয়ে চলছে খাল খনন ও পুনঃখনন কাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে সিডিআরএসএসডাব্লিউআরএমপি প্রকল্পের আওতায় জেলার প্রায় ৬৮ কিলোমিটার খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় সুবিধাভোগী কৃষকদের মাঝে।
দীর্ঘদিন ধরে পলি জমে নাব্যতা হারিয়ে ভরাট হয়ে ছিল অধিকাংশ খাল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে দেখা দিত সেচ সংকট। পুনঃখননের ফলে খালগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসছে, যা বর্ষায় দ্রুত পানি নিষ্কাশনে সহায়তা করবে।
প্রকল্পটির সার্বিক অগ্রগতি বর্তমানে প্রায় ৯৮ শতাংশ। এ বিষয়ে এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, "৬৮ কিলোমিটার খাল পুনঃখননের কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা সেচ সুবিধাসহ নানাভাবে উপকৃত হবেন।"
স্থানীয় সচেতন মহলের মতে, ৬৮ কিলোমিটার খাল পুনঃখনন বরগুনার কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক। তবে এই সুফল দীর্ঘস্থায়ী করতে খালগুলো দখল ও দূষণমুক্ত রেখে নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.