
মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন মাহবুব আলম। ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য সংগঠনটির রোকনদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।
মাহবুব আলম ১৯৮৫ সালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাওলানা ঈশা উদ্দিন। সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।
শিক্ষাজীবনে তিনি রাজতলী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে বাজনিয়া উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং সেতাবগঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন। এরপর দিনাজপুর সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং শ্রমিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০২৬-২০২৭ সাংগঠনিক সেশনে রোকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন তিনি। নতুন মেয়াদে ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য আবারও রোকনদের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতৃত্বে তাঁর দায়িত্ব আরও বিস্তৃত হলো।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও সম্পৃক্ত রয়েছেন মাহবুব আলম। তিনি এতিম শিশুদের মেন্টর হিসেবে তাদের দেখভাল, শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা দিয়ে আসছেন।
তাঁর নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে মাহবুব আলমের নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.