নিয়মিত ট্রাফিক চেকিং চলাকালীন মহাসড়কের ব্যস্ততম চন্দ্রা ত্রিমোড় এলাকায় ব্যাটারিচালিত একটি ইজি বাইক আটক করেন কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তা এটিএসআই রফিক। চালকের আসনে বসা অল্প বয়সী শিশু আবু রায়হান। গাড়িটি থামানোর পরই শিশুটির চোখে-মুখে নেমে আসে মামলা ও ইজি বাইক বাজেয়াপ্ত হওয়ার চরম আতঙ্ক। তবে কঠোর আইনি পদক্ষেপের বদলে সেখানে দেখা গেল পুলিশের মানবিক এক অনন্য রূপ।
চন্দ্রা ত্রিমোড় এলাকায় ইজি বাইকটি থামানোর পর কথা বলতেই বেরিয়ে আসে এক হৃদয়বিদারক গল্প। রংপুর জেলার নীলফামারী থেকে পেটের দায়ে এখানে এসেছে পরিবারটি। ছোট বয়সেই বাবাকে হারায় আবু রায়হান। ঘরে অসুস্থ মা আর এক ছোট বোন। মা মানুষের বাড়িতে কাজ করেন। কারও কাছে হাত না পেতে সংসারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইজি বাইক চালাতে বাধ্য হয় এই এতিম শিশুটি।
আবু রায়হানের এই কষ্টের গল্প শুনে এবং সেখানে উপস্থিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বিস্তারিত জেনে আবেগাপ্লুত হয়ে পড়েন এটিএসআই রফিক। বাবা হারা এক শিশুর এমন সংগ্রাম দেখে তিনি শিশুটিকে কোনো মামলা বা জরিমানা না করেই ইজি বাইকটি ফিরিয়ে দেন। পরম স্নেহে আবু রায়হানকে তিনি বলেন, "বাবা, তুমি আর এভাবে মহাসড়কে গাড়ি নিয়ে আসবে না। এটা খুব ঝুঁকিপূর্ণ।"
কোনো জরিমানা ছাড়া ইজি বাইকটি ফেরত পেয়ে স্বস্তির কান্নায় ভেঙে পড়ে শিশু আবু রায়হান। চন্দ্রা ত্রিমোড়ে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মীরা এমন করুণ ও মানবিক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি। বাবা না থাকলে একটি পরিবারকে কতটা কষ্টে চলতে হয়, এ ঘটনা যেন সেটাই মনে করিয়ে দিল।
এটিএসআই রফিক জানান, "মহাসড়কে নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে এক এতিম শিশুর জীবনের এমন কঠিন গল্প শোনার পর আইনি ব্যবস্থার চেয়ে মানবিক দিকটি বিবেচনা করাই সঠিক মনে হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.