
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়াকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা–সিলেট মহাসড়কের তিল খালপীরের সৈয়দাবাদ এলাকা থেকে নয়নপুর পর্যন্ত বিস্তৃত এই বিশাল মানববন্ধনে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুলসংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন—দলের কঠিন সময়ে কবির আহমেদ ভূঁইয়া নিয়মিত মাঠে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং মামলার চাপে থাকা নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা করেছেন। অথচ ত্যাগী ও মাঠের এই নেতার পরিবর্তে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানকে, যিনি দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে তেমন সক্রিয় ছিলেন না বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও জানান, বিএনপির মনোনয়ন বণ্টনকে কেন্দ্র করে এ আসনটি গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও মশাল মিছিল অব্যাহত রয়েছে।
নেতারা অবিলম্বে মুশফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করে কবির আহমেদ ভূঁইয়াকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.