
সিহাব আলম সম্রাট, রাজশাহী
খাগড়াছড়ির মহালছড়িতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ বস্তা সরকারি গম জব্দ করা হয়েছে। গতকাল রাতে উপজেলার চোংড়াছড়ি গুচ্ছগ্রামের আবু সাঈদ নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই গম উদ্ধার করে যৌথ বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১:০০ টা হতে ১২:৩০ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আবু সাঈদের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৩১ বস্তা গম উদ্ধার করা হয়, যা মূলত গুচ্ছগ্রামের কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত সরকারি গম ছিল।
উদ্ধারকৃত গমের বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবু দাশ জানান, "রাতের বেলা দুর্গম এলাকা থেকে গমগুলো পরিবহন করে নিয়ে আসার সুযোগ না থাকায়, সকালে গমগুলো উপজেলা সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী এসব গম নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হবে।"
অভিযানকালে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সরকারি ত্রাণ বা বরাদ্দের খাদ্যশস্য নিয়ে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.