
খালেদা আক্তার , বোয়ালখালী (চট্টগ্রাম), ১৩ জুন:
পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমা ছড়িয়ে দিতে আজ বোয়ালখালী উপজেলার যুব রেড ক্রিসেন্ট টিম একটি অসাধারণ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। কোরবানি দিতে অক্ষম এমন পরিবার এবং একটি স্থানীয় এতিমখানার শিশুদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সংগঠনটি।
কোরবানির মাংস আজ দুপুরে সুসংগঠিতভাবে প্যাকেট করে পৌঁছে দেওয়া হয় সুবিধাবঞ্চিত পরিবারের হাতে। একইসঙ্গে একটি স্থানীয় এতিমখানার শিশুদের মধ্যেও মাংস বিতরণ করা হয়, যাতে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিমের দলনেতা (আরিফ মাহমুদ আদিফ) জানান, “আমরা চাই, ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে উপভোগ করুক। যারা কোরবানি দিতে পারেননি, তাদের ঘরে ঈদের দিনে যেন একটুখানি হাসি এনে দিতে পারি—এটাই আমাদের লক্ষ্য।”
এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে জানান, এই রকম কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও বাড়িয়ে তোলে।
উল্লেখ্য, যুব রেড ক্রিসেন্ট সবসময়ই দুর্যোগ মোকাবেলা, স্বাস্থ্যসেবা, রক্তদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আজকের এই কর্মসূচি তারই একটি অংশ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.