
রহিদুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খনকা শরিফে হামলা করে ভাংচুর করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে খানকার পীর আজিজুল ইসলাম।
তিনি বলেন, ‘‘গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরেও হামলা এড়াতে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’’
আজিজুল ইসলাম জানান, প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। তবে জুম্মার নামাজের পর বিএনপি ও জামায়াতের লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকে দিয়ে খানকা শরীফে হামলা চালিয়ে পুরো খানকা শরীফ ভেঙ্গে চুরমার করে দিয়েছে।
এই ঘটনায় পবা থানার ওসিকে দায়ী করে পীর আজিজুল ইসলাম আরও বলেন, ‘‘পুলিশের অনুমতি নিয়েই এ আয়োজন করা হয়েছিল। থানার ওসিসহ পুলিশের উপস্থিতিই খানকা শরীফে হামলা করা হয়েছে এবং ভেঙে দেয়া হয়েছে। অথচ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’’
ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘‘তিন/চারশত মানুষ এক সঙ্গে সেখানে হামলা করেছে। আর আমরা ছিলাম ৫ জন পুলিশ। সেখানে আমাদের কি করার ছিল। দেশের পরিস্থিতিতো জানেন। তবে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.