
রহিদুল ইসলাম, রাজশাহী:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় পৃথক পৃথক দুটি ট্রাক দুর্ঘটনায় ট্রাকের একজন হেলপার নিহত হয়েছেন।
আজ সোমবার রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। এর আগে রাত সোয়া দুইটার দিকে একই স্থানে প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই হেলপারের নাম সুমন হোসেন (২৬)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাজশাহীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন জানান, প্রথমে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে এর চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এর পৌনে দুই ঘণ্টা পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পেছনের ট্রাকটির হেলপার সুমন হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ওসি মাসুমা মোস্তারিন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.