
রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীতে যুবলীগ নেতাকে ধরার নামে ‘মব’ তৈরি করে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে লুটপাট চালানোর অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে বাড়ি ঘেরাও করে ভয় দেখানো হয় এবং বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়া হয়।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে নগরের চন্দ্রিমা থানায় মামলাটি করেন ভুক্তভোগী নারী হাবিবা আক্তার। তিনি মামলায় তাঁর জামাতার ভাই এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ হাসান শিশিলসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকেও আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে নগরের পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবন ঘেরাও করেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী। তাঁদের দাবি ছিল, এই ভবনে অবস্থান করছেন নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
তবে অনেক আগে থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকারকে ফোন করে রনি বলেন, “আমি অনেক দূরে, এত কষ্ট করে লাভ নেই। সময় হলে নিজেই ফিরে আসব।”
হাবিবা আক্তার অভিযোগ করেন, ওইদিন ষষ্ঠ তলার তাঁর ফ্ল্যাটে জোরপূর্বক ঢুকে ভয়ভীতি দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুটে নেওয়া হয়।
তিনি বলেন, “বাড়ি ঘেরাও করে মব সৃষ্টি করা হয়েছিল, আর সেটি ছিল আমার পরিবারকে হেনস্তা ও ভয় দেখানোর কৌশল।”
তিনি আরও জানান, অভিযুক্ত মাহমুদ হাসান তাঁর জামাতা মেহেদী হাসান সিজারের আপন ছোট ভাই। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। আগামীকাল শনিবার দুপুর ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন হাবিবা আক্তার।
মেহেদী হাসান অভিযোগ করে বলেন, “এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল আমাদের ভয় দেখানো। আমার ভাই মাহমুদ পরিকল্পিতভাবে এই কাজ করেছে। যুবলীগ নেতাকে ধরার বিষয়টি ছিল মানুষকে বিভ্রান্ত করার ঢাল।”
এদিকে, অভিযুক্ত মাহমুদ হাসান বলেন, “অভিযান চলাকালে সেখানে নেতাকর্মী, পুলিশ, এমনকি সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। আমি কাউকে বাড়িতে ঢুকতে দিইনি। বরং আমার বড় ভাইয়ের শাশুড়ি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।”
তিনি দাবি করেন, তাঁর ভাই ক্ষমতাসীন আমলে ছাত্রলীগ ও যুবলীগকে অর্থ সহায়তা দিয়েছেন এবং বর্তমানে সম্পদের কারণে তাঁকে (মাহমুদকে) হেনস্তা করা হচ্ছে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, “বাড়ি ঘেরাও ও ভেতরে ঢুকে লুটপাটের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.