
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা জরুরি। এটা না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না।
রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা মন্তব্য করেন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে দুই ঘন্টাব্যাপী চলে এই সভা।
সভায় কামাল আহমেদ বলেন, অষ্টম ওয়েজ বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকেরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরকারের পাশাপাশি এই দুর্নীতিতে গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তাবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন। ফলে সরকার চাইলেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়নি।
সাংবাদিকদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটেছে, তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামীতে যে সরকারই আসুক তাদের কাজে আসবে। সেই লক্ষ্যেই সবার মতামত নিয়ে সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে।
সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নিয়ে তাদের মতামত দেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.