
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর বাঘায় দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিঘা ও জোতরাঘব মোড়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, শুক্রবার এশার নামাজের সময় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে মজিবর রহমানের পরিত্যক্ত দোকানে একটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে টিনের চালার কিছুটা ক্ষতি হয়েছে।
অপর দিকে বাঘার গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব মোড়ে আবদুল গণির মিষ্টির দোকানের সামনে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব বাজার এলাকার আবদুল মজিদ বলেন, এশার নামাজের ফরজ নামাজ শেষ হয়েছে। এ সময় পরপর দুটি শব্দ পাওয়া যায়। পরে মসজিদ থেকে বের হয়ে দেখি সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। পরে পুলিশ এসে দেখে গেছেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুটি ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কোন আলামত পাওয়া যায়নি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.