শেরপুর প্রতিনিধি মোঃ খোকন মিয়া
শেরপুরে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান, বরেণ্য শিক্ষাবিদ, লেখক শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জেলা খেলাঘরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য, বিশিষ্ট সংগঠক আব্দুল হান্নান চৌধুরী। ওইসময় তিনি বলেন, অধ্যাপক পান্না কায়সার ছিলেন বরেণ্য লেখক-গবেষক, সংস্কৃতি ও শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন মহিয়সী নারী ও মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর।
জেলা খেলাঘরের সভাপতি এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র ও খেলাঘরের কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান, সাবেক সভাপতি আজাহার আলী ও অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি তপন সারোয়ার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সংস্কৃতিকর্মী দেবাশীষ দাস মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দ সাহা।
পরে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.