মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে শেরপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের মান্যবর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহজলভ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এবং পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান ভূঁঞা। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে পুষ্টিবিষয়ক বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শেরপুর পৌরসভার আয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা কার্যক্রমের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পুষ্টি প্যাকেট বিতরণ করেন এবং শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন তিনি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.