
শেরপুর স্টাফ রিপোটার
শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া পাহাড়ে বোরো ধান খেত রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ)
দিবাগত রাতে পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ওই ক্ষেতের মালিক কৃষক জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সুত্রে জানা গেছে, গারো পাহাড়ে অবস্থানরত বন্যহাতির দলটি সম্প্রতি পাহাড়ি এলাকার বোরো ধান খেতে প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে হানা দিচ্ছিলো। ইতিমধ্যেই নালিতাবাড়ী উপজেলার বেশকিছু বোরো ক্ষেত খেয়ে সাবাড় করেছে। বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় পাহাড়ের ঢালে থাকা কৃষক জিয়াউল হকের বোরো ধান ক্ষেতে হানা দেয় বন্যহাতির দল। এসময় একটি মাঝ বয়সী পুরুষ হাতি ওই ক্ষেতের পূর্ব পাশে এলে আইলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। এতে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে চিৎকার শুরু করলে টের পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে।
খবর পেয়ে বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। খবর পেয়ে রাতেই কৃষক জিয়াউল হক জিয়াকে নন্নী বাজার থেকে আটক করে পুলিশ।
এদিকে শুক্রবার (২১মার্চ)
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ওই কৃষকের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু এবং এক কৃষককে গ্রেফতারের
বিষয়টি নিশ্চিত করেছেন।
মোতাহার হোসেন শেরপুর ইস্টাফ রিপোর্টার
তাং-২১-০৩-২০২৫
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.