
মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার (শেরপুর):
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত কসমেটিকস ও ট্রলির আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল গজনী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরনের কসমেটিকস এবং তা পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে। শেরপুর সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.