গ
মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্টার
এক যুগেও সংস্কার হয়নি গাজীপুরের শ্রীপুর পৌরসভার প্রায় ১ কিঃমিঃ (৯৫০ মিঃ) সড়ক। দীর্ঘদিন আগে ইটের সলিং করা সড়কের অধিকাংশ স্থানে ইটের কোনো অস্তিত্ব নেই,মাটির নিচে দেবে গেছে অনেক আগেই। সড়ক জুড়ে খানাখন্দে ভরা আর বড় বড় গর্ত। বৃষ্টির পানি ভর্তি গর্তগুলো দেখে সহজেই মনে হবে মৎস্য চাষের উপযোগী কোনো জলাশয়। এ সড়কের কোথাও কোথাও যানবাহনের চাকায় পিষে যাওয়া কাদামাটি ও খানাখন্দে জমে থাকা কাদাপানি দেখে মনে হয় কৃষকের ধান চাষের উপযোগী একখণ্ড ভূমি।গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এ সড়কের এমন বেহাল অবস্থা হলেও খানাখন্দ ও গর্ত ভরাটে শ্রীপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ভোটের সময় জনগণ চিনলেও পরে আর কোনো খোঁজখবর রাখে না বলে মেয়র-কাউন্সিলরদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ চরম দুর্ভোগ পোহানো স্থানীয় বাসিন্দাদের। প্রায় এক যুগ ধরে সংস্কারের অভাবে ২ নং সিএন্ডবি বাজার থেকে আনসার রোড পর্যন্ত আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অর্ধশত পোশাক কারখানার শ্রমিক কর্মচারী ও ১০ গ্রামের মানুষ।দেড় কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দে পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।এসব গর্তে রিকশা-পিকআপ উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অন্তহীন দুর্ভোগ পোহাচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারী বেড়াইদেরচালা, চন্নাপাড়া, দোখলা, বহেরারচালা,কড়ইতলা, বেলতলী, পিরুজালী, ইন্দ্রপুর,মাঝিঘাটা,বারতোপা গ্রামের বাসিন্দাসহ সরকারি এবং বেসরকারি একাধিক প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, এবং মহাবিদ্যালয় (কলেজ) সহ অন্তত ১০শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অর্ধশত পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা। এক কিঃমিঃ এ সড়কটি শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওতাধীন। বর্তমানে সড়কটিতে যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা গত এক যুগ ধরে সদ্য বিদায়ী মেয়র-কাউন্সিলরের বাসায় গিয়েও সড়ক সংস্কারের আশ্বাস পায়নি। তবে বিদায়ী পৌর মেয়র-কাউন্সিলরদের সদর দরজা ও বাড়ি ঘেঁষে (বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া) সড়কগুলো কাদামুক্ত,কার্পেটিং, মসৃণ ও কালো পিচ ঢালাই রয়েছে বলে জানিয়েছেন দুর্ভোগ পোহানো স্থানীয় বাসিন্দারা।
রবিবার বেলা ১১ টায় সরেজমিনে ওই সড়ক পরিদর্শনে গিয়ে দেখা যায়,সড়কের অধিকাংশ স্থানে ইটের কোনো অস্তিত্ব নেই। সড়ক জুড়ে বড় বড় গর্তে কাদাপানি জমে আছে। এ সড়ক দিয়ে হেঁটে যাওয়ারও কোনো উপায় নেই।
স্থানীয় বাসিন্দা আশরাফ সাগর বলেন, প্রায় এক যুগ আগে সড়কটিতে ইটের সলিং করা হয়েছিল। পরে আস্তে আস্তে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ইটের সলিং দেবে বড় বড় গর্ত সৃষ্টি হয়।এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে।কিন্তু পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওতাধীন ১ কিঃমিঃ এ সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন এ সড়কে চলাচলকারী অন্তত ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অর্ধশত পোশাক কারখানার শ্রমিক-কর্মচারী ও পার্শ্ববর্তী অন্তত ১০ গ্রামের মানুষ সহ স্থানীয় বাসিন্দারা। তিনি বলেন,একমাত্র ভোটের সময় ছাড়া দুর্ভোগ পোহানো মানুষের কোনো খোঁজ খবর রাখে না স্থানীয় মেয়র-কাউন্সিলররা।
প্রাইম স্টার একাডেমীর অধ্যক্ষ মাহতাব উদ্দিন জানান,এ সড়কটিতে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে কাদা পানিতে পা পিছলে পড়ে গিয়ে বই খাতা ও জামা কাপড় ভিজে নষ্ট করেছে।
আব্দুল মালেক মাস্টার স্কুলের দশম শ্রেণীর ছাত্র এসএম সীমান্ত জানান, বর্ষাকালে এ সড়ক দিয়ে স্কুলে আসা যাওয়ার সময় খুব দুর্ভোগ পোহাতে হয়।
মেঘনা প্যাকেজিং কারখানার সুপারভাইজার নাঈম ও এসকে পোশাক কারখানার নারী শ্রমিক মারুফা জানান,প্রতিদিন কাদা পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে আমাদের খুব কষ্ট হয়।রাস্তা খারাপ থাকার কারণে অনেক সময় অফিসে যেতে আমাদের দেরি হয়ে যায়।সে কারণে বস'র (কর্মকর্তার) কটু কথাও শুনতে হয়।
শ্রীপুর পৌরসভার সচিব রফিকুল হাসান জানান,এলাকাবাসীর পক্ষ থেকে পৌর প্রশাসক বরাবর একটি দরখাস্ত দিলে আগামী মিটিংয়ের মাধ্যমে রাস্তাটির সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।
দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন করে হাল ধরা শ্রীপুর পৌর প্রশাসক ও কর্তৃপক্ষের নিকট জনদুর্ভোগের সমাপ্তি ঘটাতে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি স্থানীয়দের।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.