নুরুল কবির চট্রগ্ৰাম দক্ষিণ জেলা
সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৪টি বেসরকারি হাসপাতালকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেরানীহাটে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এ সময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান ছিদ্দিকী উপস্থিত ছিলেন।
জানা যায়, সাতকানিয়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে কেরানীহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালান। এ সময় লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আল কেয়ার হাসপাতালকে ৩ হাজার টাকা, হেলথ কেয়ার হাসপাতালকে ৪ হাজার, রাবেয়া মেমোরিয়াল হাসপাতালকে ৪ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় মা শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় ৪টি হাসপাতালকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.