সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে সাব্বির রহমান নামে এক যুবককে কুপিয়ে ও ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধন করে। নিহত সাব্বির রহমান (২০) কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক এলাকার লিটন মিয়ার ছেলে। মানববন্ধন ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় ইউনিক টাওয়ারের নবম তলার ছাদে সাব্বিরকে নিয়ে কুপিয়ে ও ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত ছিল তার দুই বন্ধু রাকিব ও সাকিব। রাকিব ও সাকিব যমজ দুই ভাই। ওই ঘটনার একদিন পরই নিহতের বড়ভাই আবির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলা হলেও পুলিশ আসামীদের গ্রেপ্তার করছে না বলে মানববন্ধনে অভিযোগ করেন স্বজনরা। আসামীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে গতকাল সোমবার দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মানবন্ধন করা হয়। এসময় আসামীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- নিহত সাব্বির রহমানের মা সুফিয়া খাতুন, বড় ভাই আবির হোসেন, শিক্ষক জাকির হোসেন ও গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহবায়ক পাঠান আজাহারসহ আরো অনেকে। নিহতের বড় ভাই আবির হোসেন বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের একজন আত্মীয় আছেন যিনি পুলিশ কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তা আমাদের টাকা নিয়ে মামলা প্রত্যাহার করারও ভয়ভীতি দেখিয়েছেন। এছাড়াও ওই পুলিশ কর্মকর্তার কারনেই কালিয়াকৈর থানা পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা বদল করছে কিন্তু আসামীদের ধরছে না। থানা পুলিশের নিরব ভূমিকায় আমরা এখন ভয়ে আছি। ওই মামলার এজন্য তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আসামীরা আমাদের চেয়ে বেশি শক্তিশালী। আসামী দুইজনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তারপরও আমরা প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.