
মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে আজ ২ মে ২০২৬ জিআর (গ্রাটুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নতুন করে ঘরবাড়ি মেরামতের আশাবাদ ব্যক্ত করেছেন।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এমপি। তিনি তার বক্তব্যে বলেন,“দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিস ইফফাত জাহান তুলি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু। তিনি তার বক্তব্যে বলেন,“প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা একটি মানবিক দায়িত্ব। আমরা চাই, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং তাদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার হোক।”
এ সময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ বক্তা হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.