
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ককটেল নিক্ষেপ করেছে শিবিরের নেতাকর্মীরা। পুলিশও আত্মরক্ষায় কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শিবিরের মিছিল থেকে পুলিশ ৫ কর্মীকে আটক করা হয়েছে। আজ সোমবার রাত পৌণে ৮টার দিকে রাজশাহী নগরীর পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, রাত পৌণে ৮টার দিকে হঠাৎ করে শিবির হরতালের সমর্থনে মিছিল বের করে। এসময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ সেখানে গেলে তাদের উপরও ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে মিছিল থেকে শিবিরের অন্তত ৫ জনকে আটক করা হয়।
ওসি আরও জানান, ঘটনার সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। ধাওয়া খেয়ে এক শিবিরকর্মী পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বাকি চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.